জীবন যেন এক চলন্ত প্লাটফর্ম

পড়তে ৩ মিনিট

আমাদের এই স্বল্প সময়ের পুরো জীবনটাই যেন একটি চলন্ত প্ল্যাটফর্ম। সেখানে কেউ উঠছে, কেউ নামছে, আর কেউ পাশে বসে আছে দীর্ঘযাত্রা পথের সঙ্গী হয়ে। আর এই চলমান যাত্রাকালীন জীবনে সবচেয়ে বড় জটিলতায় আমরা জড়িয়ে পড়ি আপন পর চেনার ব্যাকরণের গোলক ধাধায়। কে যে সত্যিকারের ‘আপন’, আর কে যে স্রেফ ‘পর’ – বুঝতে বেশ বেগ পেতে হয়।

অনেক সময় রক্তের সম্পর্ক বা বছর যুগ পার করা দীর্ঘ চেনা মুখগুলোও যেন প্রয়োজনের মুহূর্তে অদ্ভুত অচেনা হয়ে যায়। আবার জীবনের কোনো এক নামহীন স্টেশনে আকস্মিক পথচলতি কোন পথিক নিঃশব্দে দাঁড়িয়ে যায় সবচেয়ে বড় আশ্রয় হয়ে, আপন হয়ে। এইতো জীবন, এভাবেই এক সময় শেষ গন্তব্যে পৌঁছে যাবো আমরা।

রক্তের দূরত্ব আর হৃদয়ের নৈকট্য
আমরা ছোটবেলা থেকেই এই একটি সমীকরণই মেনে চলতে শিখি – রক্তের সম্পর্ক কিংবা দীর্ঘদিনের সান্নিধ্যই পরম আপন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জীবনের বাস্তবতার পাঠ আমাদের ভিন্ন এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। জীবনের আসল রূপ তখনই প্রকাশিত হয়, যখন কোনো কঠিন ঝড়ে আমাদের তরী টলমল করে। দেখা যায়, যাদের আমরা নিজের অস্তিত্বের অংশ ভাবতাম, যাদের বিরহে চোখে জল নামতো, তারা হিসেব-নিকাশ কষে নিরাপদ দূরত্ব বজায় রাখছে। আর যার সাথে কোনো অতীতের গল্প ছিল না, কোন গভীর সম্পর্ক ছিলোনা, কোনো প্রতিশ্রুতির দায়ভারও ছিল না, সেই অচেনা মানুষটিই এসে হাত বাড়িয়ে দিয়েছে পরম যত্নে, পরম আদরে, পরম মমতা আর ভালোবাসায়।

মুখোশে আবৃত আপন পর
আপন-পর বিচারে আমরা ভুল করি মূলত অতিরিক্ত আবেগ আর বাহ্যিক মোহের কারণে। মিষ্টি কথা, সাময়িক সুবিধা কিংবা নিয়মিত উপস্থিতিকে আমরা অনেক সময় গভীর ভালোবাসা বা ‘আপনত্ব’ ভেবে ভুল করি। কিন্তু মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা আত্মস্বার্থ চিনতে পারি কেবল তখনই, যখন আমাদের আর দেওয়ার মতো অবশিষ্ট কিছু থাকে না। মানুষ চেনার এই ভুলগুলো প্রথমে আমাদের বিশ্বাসে গভীর ক্ষত তৈরি করে। হৃদয়কে ক্ষত বিক্ষত কতে। তবে এই ভুলগুলো কিন্তু স্রেফ কষ্টের কারণ নয়; এগুলো জীবনকে নতুন করে দেখার, চেনার, শেখার এক একটি পাঠ, এক একটি অধ্যায়।

অভিজ্ঞতাই জীবনের ছাঁকনি
কাউকে ভুল চেনার পর যে যন্ত্রণা বুকের ভেতর তৈরি হয়, তা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এই বদলে যাওয়াটাই আসলে জীবনের পরিপক্কতা, ব্যর্থতা বা সফলতা যা-ই বলি না কেন, সেটা অর্জন।  সময় হলো সবচেয়ে নিরপেক্ষ ছাঁকনি; কে আসল আর কে নকল, তা সময় কোনো চিৎকার না করেই শিখিয়ে দেয়। আমরা ভেতরে ভেতরে ক্ষয়্র যাই, নিরবে একাকী চিরকার করি।আর তখনু সময় বলে দেয়, ভুল মানুষকে আপন ভেবে মন খারাপ করার কিছু নেই, কারণ এই ভুলগুলো না হলে তুমি কখনোই সঠিক মানুষের কদর বুঝতে পারতে না।

প্রকৃত আপনজনের সংজ্ঞা
‘আপন’ আসলে কে? যে কঠিন সময়ে পাশ থেকে সটকে যাবার জন্য কোনো অহেতুক বাহানা খোঁজে না, যে আপনার নীরবতার ভাষা বুঝতে পারে, আপনার মুখপানে চেয়ে ধরে ফেলতে পারে আপনার হাসি-কান্না, আর যার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে কোনো ভয়ের প্রয়োজন হয় না – সেই মানুষটিই আসলে প্রকৃত আপন। এখানে কত দিন ধরে বা কত বছর ধরে যে তার সাথে যোগাযোগ আছে তা মুখ্য নয়, মুখ্য হলো অনুভূতির সততা।

জীবন নামের এই প্লাটফর্মে আপন-পর চেনার ভুলগুলো কোনো বিপর্যয় নয়, এগুলো আমাদের আত্মোপলব্ধির একেকটি ধাপ। ভুল মানুষকে চেনার মাধ্যমেই আমরা সঠিক মানুষকে চিনতে শিখি, আর এই অমূল্য অভিজ্ঞতাই শেষ পর্যন্ত আমাদের আরও বেশি বাস্তববাদী, ও আত্মবিশ্বাসী করে তোলে।

☆☆☆☆☆ 0 / ৫ (0 টি রিভিউ)
★★★★★

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই দিন!

মোহাম্মদ শওকত আকবার

আমি মোহাম্মদ শওকত আকবার… একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। showkatbd.com আমার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে আমি সংরক্ষন করেছি আমার চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম। আমি লিখি, কোড করি, ভাবি, এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। প্রযুক্তি, সাহিত্য, ধর্ম - এক আঙিনায় সকল কিছু।

মন্তব্য করুন